২০২৬ ফিফা বিশ্বকাপ মঞ্চে ইতিহাস গড়লেন সঞ্জয় দেব

ফিফা বিশ্বকাপের মঞ্চ। সারা বিশ্বের চোখ তখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরের দিকে। আর ঠিক সেই মহাযজ্ঞেই নিজের পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের পতাকা ও সংস্কৃতিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মার্কিন নাগরিক সঞ্জয় দেব। তাঁর এই কীর্তি শুধু শ্রীমঙ্গল নয়, গোটা বাংলাদেশের জন্য গর্বের।

জানা গেছে, সঞ্জয় দেবের জন্ম মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গলে। বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের ছেলে সঞ্জয় হলেন সর্বশ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ দেবের নাতি। প্রবাসী হয়েও তিনি কখনও নিজের শেকড় ভুলে যাননি। সম্প্রতি ফিফা বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পান তিনি।

সেখানেই তিনি দেখিয়ে দেন, রক্তের টান কখনও মিথ্যা বলে না। তাঁর পরনে ছিল বিশেষভাবে ডিজাইন করা পোশাক, যেখানে ছিল জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রাণের লালসবুজ পতাকার মোটিফ। পারফর্ম করার সময় তিনি বারবার বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন বাংলাদেশের পতাকার দিকে। তাঁর নাচ, অঙ্গভঙ্গি, পোশাকের প্রতিটি উপাদান জুড়ে ছিল শুধুই বাংলাদেশ, শুধুই দেশপ্রেমের অনির্বাণ শিখা।

সঞ্জয় যদিও মার্কিন নাগরিক, তবুও তিনি প্রমাণ করেছেন, জন্মভূমির মায়া কখনও ফুরায় না। তিনি মনেপ্রাণে ধারণ করেন প্রাণপ্রিয় বাংলাদেশকে।

সিএ টিভি গ্লোবালের পক্ষ থেকে সঞ্জয় দেবকে জানাই বিনম্র শ্রদ্ধা। তাঁর এমন মহৎ উদ্যোগ ও দেশপ্রেমের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। শ্রদ্ধা জানাই তাঁর মা-বাবাকেও, যাঁরা এমন গর্বিত সন্তান উপহার দিয়েছেন বিশ্বের মঞ্চে।

আমরা মনে করি, সঞ্জয়ের এই বিরল দৃষ্টান্তকে সম্মান জানাতে তাঁকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া উচিত। যেন ভবিষ্যতে আরও প্রবাসী বাঙালি এতে উদ্বুদ্ধ হন এবং বিশ্বমঞ্চে তুলে ধরেন লালসবুজের গৌরবগাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *